লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। জাফনা কিংসের জার্সিতে মাঠে নামার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন।
হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ন টেস্ট সিরিজ। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি পেসার।
জিম্বাবুয়ে সফর শেষে দলের বেশির ভাগ ক্রিকেটারের মতো তাসকিনও দেশে ফিরছেন। ফলে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে সরাসরি শ্রীলঙ্কায় যাওয়ার যে পরিকল্পনা ছিল, সেটি আর বাস্তবায়ন হচ্ছে না।
শুরুতে এলপিএলে অংশ নেওয়ার জন্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে পরে মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় পরিকল্পনায় পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের প্রয়োজন বিবেচনায় টি-টোয়েন্টি সিরিজের জন্য তাসকিনকে স্কোয়াডে রাখা হয়। তখন সিদ্ধান্ত ছিল, সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় গিয়ে জাফনা কিংসের হয়ে খেলবেন এই ডানহাতি পেসার।
তবে সামনে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ থাকায় শেষ পর্যন্ত আন্তর্জাতিক দায়িত্বকেই অগ্রাধিকার দিয়েছেন তাসকিন। দেশে ফিরে তিনি বিশ্রামের পাশাপাশি লাল বলের অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ করবেন, যাতে টেস্ট সিরিজে নিজের সেরা ছন্দে থাকতে পারেন।
আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া দুই ম্যাচের এই সিরিজের দল আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করতে পারে বিসিবি।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।