Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ রানা, সঙ্গে তাসকিনও

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৫:১৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ তারকা পেসার নাহিদ রানা চিকিৎসার উদ্দেশ্যে আজ রাতেই অস্ট্রেলিয়ার পথে রওনা হচ্ছেন। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন না—এটি আগেই নিশ্চিত হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়াতেই যাচ্ছেন নাহিদ, তবে চিকিৎসা নিতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, মূলত দীর্ঘদিন ধরে ভোগানো শিনবোনের (পায়ের সামনের হাড়) সমস্যার উন্নত চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ। এই চোটের কারণে দীর্ঘদিন ধরে ব্যথা অনুভব করছেন ২২ বছর বয়সী এই গতিতারকা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা ঠিক করা হবে।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদও নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। কাঁধের পুরোনো সমস্যার জন্য তিনি সেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসা শেষে তাসকিন সরাসরি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। অস্ট্রেলিয়া সফরে পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই।

বাংলাদেশ দলের বাকি সদস্যদের আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজে নাহিদ রানার অনুপস্থিতি দলকে বড় ধাক্কাই দেবে। সম্প্রতি সময়ে নাহিদ রানার গতির ওপর ভর করেই ম্যাচ জিতছিল বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর