অস্ট্রেলিয়া সফরের আগে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। নাহিদ শুধু বাংলাদেশের নয় বরং এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গতিময় এবং অন্যতম সেরা পোসর। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ আলমগীর কবিরের বিশ্বাস, বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসছে নাহিদ রানার মতো আরও কয়েকজন সম্ভাবনাময় ফাস্ট বোলার, যারা ভবিষ্যতে জাতীয় দলের পেস আক্রমণকে সমৃদ্ধ করতে পারবেন।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আলমগীর কবির বলেন, বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি একাধিক প্রতিভাবান পেসারের দেখা পেয়েছেন।
আলমগীর বলেন, ‘অনূর্ধ্ব-১৭ দলে দেখেছি, ১৯ দলেও দেখেছি। অনূর্ধ্ব-২৩ দলেও দেখলাম। বেশ কয়েকজন ভালো বোলার আছে। নাহিদ হয়তো আলাদা। ওর গতি গড গিফটেড। ওই পেস এখনও কেউ পায়নি। তবে ভালো ভালো বোলার আছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে নাহিদকে না পাওয়াটা বড় ক্ষতি হিসেবে দেখছেন এই কোচ। তিনি বলেন, বিশ্বের সব দলই নিজেদের সেরা খেলোয়াড়কে কেন্দ্র করে পরিকল্পনা সাজায়। বাংলাদেশের ক্ষেত্রেও নাহিদকে ঘিরে প্রত্যাশা ছিল। আলমগীর বলেন, ‘এটা স্বাভাবিক। প্রতিটি দেশেই সেরা খেলোয়াড়কে নিয়ে সবাই পরিকল্পনা করে। আমরা রানার দিকে তাকিয়ে ছিলাম, ও ভালো করলে দল ভালো করবে।’
এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে জাতীয় দলে ফিরে আসা পেসার এবাদত হোসেনকে নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন আলমগীর কবির। তাঁর মতে, দীর্ঘ পুনর্বাসনের পর মাঠে ফিরলে আগের ছন্দ ফিরে পেতে কিছুটা সময় লাগা স্বাভাবিক।
ইবাদত বিষয়ে তিনি বলেন, ‘অফ ফর্মে না ঠিক। ও তো ইঞ্জুরিতে ছিল, এখন কামব্যাক করেছে, একটু তো মাথায় ইঞ্জুরির ব্যাপারটা থাকবেই। সময় দিলে আগের ছন্দে ফিরে আসবে।’