Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশীয় কিউরেটর তৈরিতে নতুন উদ্যোগ বিসিবির

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১১:৫৬

– ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে পিচ প্রস্তুতির মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমিয়ে দক্ষ দেশীয় কিউরেটর গড়ে তুলতে প্রথমবারের মতো পিচ কিউরেটরদের জন্য লেভেল-১ সনদ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বোর্ড।

বিসিবি জানিয়েছে, আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা। এতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে নির্বাচিত ৩০ জন কিউরেটর ও মাঠকর্মী অংশ নেবেন।

কর্মশালাটি পরিচালনা করবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। দীর্ঘদিন ধরে বাংলাদেশে পিচ ও আউটফিল্ড উন্নয়নে কাজ করে আসছেন তিনি। তাঁর তত্ত্বাবধানে স্থানীয় কিউরেটরদের দক্ষতা বাড়াতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিসিবি।

বিজ্ঞাপন

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পিচ প্রস্তুতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। একসময় স্পিননির্ভর উইকেট তৈরির প্রবণতা থাকলেও এখন প্রতিযোগিতামূলক ও ভারসাম্যপূর্ণ উইকেট তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সাম্প্রতিক সিরিজগুলোতে স্পোর্টিং উইকেট তৈরি করে ইতিবাচক ফলও পেয়েছে বাংলাদেশ।

এই পরিবর্তনের পেছনে টনি হেমিংয়ের পাশাপাশি দেশীয় কিউরেটরদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাহিদ রেজা বাবু, বদিউল আলম খোকন এবং শফিউল আলম বেলালসহ বেশ কয়েকজন স্থানীয় কিউরেটর নিয়মিতভাবে আন্তর্জাতিক মানের উইকেট প্রস্তুতের কাজে যুক্ত রয়েছেন।

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্য সচিব মাজহার উদ্দিন বলেন, দেশের কিউরেটর ও মাঠকর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এই সনদ কোর্স চালু করা হচ্ছে। তিনি বলেন, ‘আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামে প্রথম ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে ৩০ জন কিউরেটর এতে অংশ নেবেন। টার্ফ ব্যবস্থাপনা প্রধান টনি হেমিংয়ের নেতৃত্বে কোর্সটি পরিচালিত হবে। পরীক্ষায় উত্তীর্ণরাই লেভেল-১ সনদ পাবেন।’

বিসিবির আশা, এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের আরও দক্ষ দেশীয় কিউরেটর তৈরি হবে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর