Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আয়োজন করল বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ২০:০২

বাংলাদেশের ক্রিকেট মাঠ ও পিচ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কিউরেটরদের ‘লেভেল-১ কোর্স’। আন্তর্জাতিক মানের কিউরেটর তৈরির লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে।

আজ থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হয়েছে কোর্সের চট্টগ্রাম পর্ব। দুই দিনের এই পর্বে চট্টগ্রাম, কক্সবাজার, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার মাঠে দায়িত্ব পালন করা ৩০ জন কিউরেটর অংশ নিচ্ছেন।

এরপর আগামী ২৩ ও ২৪ আগস্ট মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোর্সের ঢাকা পর্ব। সেখানে মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর ৪০ জন কিউরেটর প্রশিক্ষণ নেবেন। দুই পর্ব মিলিয়ে মোট ৭০ জন কিউরেটর এই কোর্সে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান ও আইসিসি অ্যাক্রিডেটেড কিউরেটর টনি হেমিং প্রশিক্ষক হিসেবে কোর্সটি পরিচালনা করছেন। মাঠ ও পিচ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি কোর্স শেষে অংশগ্রহণকারীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ কিউরেটরদের বিসিবির পক্ষ থেকে সনদ দেওয়া হবে।

বিসিবির গ্রাউন্ডস কমিটির সদস্যসচিব মাজহার উদ্দীনের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে লেভেল-১ কোর্স সম্পন্ন করা কিউরেটরের সংখ্যা মাত্র দুই থেকে তিনজন। সেই সংখ্যা বাড়ানোর পাশাপাশি কিউরেটরদের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে নেওয়াই এবারের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সাধারণত কিউরেটরদের লেভেল-১ কোর্স করতে দেশের বাইরে, বিশেষ করে দুবাইয়ে যেতে হয়। এবার প্রথমবারের মতো সেই প্রশিক্ষণ বাংলাদেশে আয়োজন করল বিসিবি। এতে দেশের কিউরেটরদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ তৈরি হলো ঘরের মাঠেই।

মাজহার উদ্দীন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতুন করে কিউরেটর তৈরি করা। তাঁদের ভালোভাবে দক্ষ করে গড়ে তোলা। আমাদের কিছু কিউরেটর দেশের বাইরেও কাজ করেন। প্রায়ই বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে কিউরেটর চায়। আমরা চাচ্ছি শুধু দেশেই কাজ করা নয়, আমাদের কিউরেটরদের যেন দেশের বাইরেও পাঠাতে পারি।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর