Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৪:৩৫

বিপিএল বাংলাদেশ ক্রিকেটকে কী দিয়েছে, প্রশ্ন বিসিবি পরিচালকের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিপিএলের আগামী আসর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে টুর্নামেন্টটির কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তাঁর সরাসরি প্রশ্ন—বছরের পর বছর নানা বিতর্ক ও আর্থিক লোকসানের মধ্য দিয়ে চলা বিপিএল বাংলাদেশের ক্রিকেটকে আসলে কী দিয়েছে?

নতুন বিসিবি সভাপতি দায়িত্ব নেওয়ার পর গত ২০ আগস্ট জানিয়েছেন, তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন না করে প্রয়োজনীয় সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের পর টুর্নামেন্টটি মাঠে ফেরাতে চান। ফলে আগামী আসর না হওয়ার সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত হয়েছে।

বিজ্ঞাপন

বিপিএল বন্ধ থাকায় অবশ্য সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ঘরোয়া ক্রিকেটাররা। জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়দের বাইরে দেশের বড় একটি অংশের ক্রিকেটারের আয়ের অন্যতম প্রধান উৎস বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এর মধ্যে চলতি মৌসুমে ডিপিএলের পারিশ্রমিকও কমেছে। এমন পরিস্থিতিতে বিপিএল না হওয়া ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে।

তবে এই বাস্তবতার পাশাপাশি টুর্নামেন্টটির দীর্ঘমেয়াদি কাঠামো নিয়েও ভাবার সময় এসেছে বলে মনে করেন বিসিবি পরিচালক আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, এত সমস্যা, আর্থিক ক্ষতি ও বিতর্কের পরও আগের কাঠামোয় বিপিএল আয়োজন করা কতটা যৌক্তিক।

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘হাজারো সমস্যা, আর্থিক লোকসান এবং নানাবিধ বিতর্ক জড়িয়ে থাকার পরও কি আগের ফরম্যাটেই বিপিএল আয়োজনের পক্ষ সমর্থন করেন? গত কয়েক বছরে বিপিএল আসলে বাংলাদেশ ক্রিকেটকে কী দিয়েছে? এমন এক সময়ে যখন ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ বাড়াতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন টুর্নামেন্ট চালু করেছে।’

‘বিদ্যমান ফরম্যাটেই বিপিএল আয়োজন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কতটা যৌক্তিকতা রয়েছে? কোনো রকমে কেবল একটি বছরের জন্য বিপিএল আয়োজন করার চেয়ে, সেই সময়টুকু কাজে লাগিয়ে এটিকে একটি সঠিক ও টেকসই কাঠামোর ওপর দাঁড় করানোই হবে অনেক বেশি যুক্তিযুক্ত। এরপর আগামী বছরগুলোতে বিপিএলকে একটি সুগঠিত এবং যথাসম্ভব ত্রুটিমুক্ত টুর্নামেন্ট হিসেবে আয়োজন করা হলে, তা নিঃসন্দেহে জোরালো সমর্থন পাওয়ার যোগ্য হবে।’- যোগ করেছেন তিনি।

এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন দাবি তুলেছেন, বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে যাতে অন্য একটি টুর্নামেন্ট করা হয়।

মিঠুন বলেন, ‘বিপিএল না হয়েও যদি অন্য কিছু একটা করে কিছু করা যায়, হয়তোবা শতভাগ বিপিএলের মতো হবে না। তবে আমরা খেলতে চাই। খেলার মাধ্যমেই আমরা আমাদের প্রাপ্য স্যালারি চাই। খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এটা।’

তবে নানান সমস্যা নিয়ে বিপিএল আয়োজনের সমালোচনাও করেছেন কোয়াব সভাপতি। মিঠুন বলেন, ‘আমরা ডেফিনেটলি একটা উইন-উইন সিচুয়েশনে যেতে চাই। বিপিএল যেভাবে হচ্ছে সেভাবে হওয়া ঠিক না, কারণ প্রপারভাবে একটা বিপিএল আয়োজন করা খুবই জরুরি। এভাবে ভঙ্গুরভাবে প্রতিবছর বিতর্ক নিয়ে টুর্নামেন্ট করা হোক এটাও আমরা চাই না। আর্থিক নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন


২৬ আগস্ট ২০২৬ ১৪:৩৫

আরো

সম্পর্কিত খবর