Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাউন্টিতে ফিরেই হাসান মাহমুদের ঝলক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৩

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই আবারও বল হাতে ঝলক দেখালেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে উস্টারশায়ারের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে চার উইকেট নিয়েছেন হাসান। তাঁর বোলিংয়ের ওপর ভর করে প্রতিপক্ষকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড পেয়েছে কেন্ট।

ক্যান্টারবুরিতে প্রথম ইনিংসে ২৩৮ রান করেছিল কেন্ট। জবাবে হাসানের দারুণ বোলিংয়ে উস্টারশায়ার থামে ২১৭ রানে। ৬৮ রান খরচ করে চারটি উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। ফলে ২১ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে কেন্ট।

কাউন্টিতে এর আগে প্রথম দফায় কেন্টের হয়ে দুই ম্যাচ খেলেছিলেন হাসান। সেই দুই ম্যাচে ১২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। ডিভিশন টু থেকে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা কেন্ট তাই হাসানকে আবারও দলে পেতে আগ্রহী ছিল। প্রত্যাবর্তনের ম্যাচেই প্রত্যাশার প্রতিদান দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

বিজ্ঞাপন

প্রথম দিনে কেন্টের ইনিংস শেষ হওয়ার পর ব্যাটিংয়ে নামে উস্টারশায়ার। ইনিংসের শুরুতেই জোড়া আঘাত হেনে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন হাসান। হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে ফর্মে থাকা ওপেনার জেক লিবির স্টাম্প ভেঙে দেওয়ার পরের বলেই রেহান এডাভালাথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হাসান।

হাসানের সেই শুরুতে দ্রুত চাপে পড়লেও পরে ঘুরে দাঁড়ায় উস্টারশায়ার। ২ উইকেটে ৮০ রান নিয়ে দিন শেষ করার পর দলটি একসময় ভালো অবস্থানেও পৌঁছে যায়। কিন্তু কেন্টের বোলারদের দাপটে দ্রুত বদলে যায় ম্যাচের চিত্র। হাসানের সঙ্গে ম্যাট মিল্নস ও কিথ ডাজনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একপর্যায়ে উস্টারশায়ারের শেষ আট উইকেট পড়ে মাত্র ৯২ রানে।

উস্টারশায়ারের প্রতিরোধ ভাঙার কাজ শুরু করেন মিল্নস। ড্যানিয়েল লেটগ্যানকে ৫৯ রানে ফেরান তিনি। এরপর কিথ ডাজনের শিকার হন অ্যাডাম হোস, যিনি করেন ৫০ রান। লেটগ্যান ও হোসের তৃতীয় উইকেট জুটিতে উস্টারশায়ার পেয়েছিল ৯৯ রান।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে তারা। ম্যাথু ওয়েইটকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান। ইনিংসের শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকেও এলবিডব্লিউ করে উস্টারশায়ারের ইনিংসের সমাপ্তি টানেন তিনিই।

প্রথম ইনিংসে লিড পাওয়ার পর ব্যাট হাতেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে কেন্ট। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৯৭ রান করেছিল তারা। তৃতীয় দিনে আরও এগিয়েছে দলটি। এই প্রতিবেদন লেখার সময় ৭৬ ওভারে কেন্টের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৪৯ রান। সব মিলিয়ে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৭০ রানে।

ম্যাচের নিয়ন্ত্রণ এখন কেন্টের হাতে। হাসানের চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটাররাও বড় লিডের ভিত গড়ে দিয়েছেন। ফলে উস্টারশায়ারের বিপক্ষে জয় পাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে ডিভিশন ওয়ানে ওঠার লড়াইয়ে থাকা দলটির সামনে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, এক ম্যাচে সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারে প্রতিটি দল। উস্টারশায়ারের বিপক্ষে কেন্টের একাদশে হাসান মাহমুদের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কিথ ডাজন। ফলে বাংলাদেশের আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদের একাদশে জায়গা হয়নি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর