Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জয়বঞ্চিত মেসি, বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের নতুন রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৮

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথমবার ইন্টার মিয়ামির হয়ে মাঠে নেমে জয় পেলেন না লিওনেল মেসি। নাটকীয় ও বিতর্কিত ম্যাচে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি।

বজ্রঝড়ের কারণে নু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর। ৩২ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। তিন মিনিট পর মিগেল আলমিরনের গোলে সমতায় ফেরে আটলান্টা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লুইস সুয়ারেজের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধে আটলান্টা দুটি পেনাল্টি পায়। প্রথমটি রুখে দেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার। তবে দ্বিতীয় পেনাল্টিতে ব্রিল এম্বোলোর শটে সমতায় ফেরে আটলান্টা।

বিজ্ঞাপন

শেষ দিকে মেসির সামনে জয়সূচক গোলের দুটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন তারকা। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে ইন্টার মিয়ামির পয়েন্ট ৪৩, আর শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা পিছিয়ে ১০ পয়েন্ট।

কাভানের ইতিহাস

অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান গড়েছেন নতুন ইতিহাস। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ২-০ গোলের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর আগে টানা চার ম্যাচে গোলে অবদান রেখে এমএলএসের সর্বকনিষ্ঠ হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছিলেন কাভান। এবার টানা পঞ্চম ম্যাচে গোলে অবদান রাখা প্রথম টিনেজার হিসেবে নতুন রেকর্ড গড়লেন।

মন্ট্রিয়লের বিপক্ষে ৭৫ মিনিটে গোলটি করেন কাভান। চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে এটি তার চতুর্থ গোল। পাশাপাশি সাতটি অ্যাসিস্ট মিলিয়ে ১১ গোলে সরাসরি অবদান রয়েছে তার।

এমএলএসে ১৬ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে ১১ গোলে অবদান রাখার রেকর্ড এখন কাভানের দখলে। এর আগে ২০০৫ সালে ফ্রেডি আদু ৪ গোল ও ৬ অ্যাসিস্ট মিলিয়ে ১০ গোলে অবদান রেখে এই রেকর্ড ধরে রেখেছিলেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর