Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে: ডা. জুবাইদা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি সবার জন্য সমান সুযোগে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, শ্রমের মর্যাদা, মেধার যথাযথ মূল্যায়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই দলের মূল লক্ষ্য। মেধাভিত্তিক চাকরি ব্যবস্থা, বৈষম্যহীন সমাজ এবং শোষণের আগে সুবিচার নিশ্চিতের অঙ্গীকার নিয়েই বিএনপি একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চায়, যেখানে নেতার আগে জনতা থাকবে অগ্রাধিকার তালিকায়।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিএনপির রাজনীতি হলো পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে একটি নতুন সম্ভাবনার সূর্যোদয় ঘটছে। আমরা বিশ্বাস করি— আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা। এই দর্শন নিয়েই বিএনপি আগামীর রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে অগ্রসর হতে চায়।’

তিনি বিশ্বাস করেন, সুষ্ঠু ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমেই দেশের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব। তিনি বলেন, আমাদের প্রত্যেকের জীবনেই নানান সংকট রয়েছে। তবে, সেগুলোকে অস্বীকার না করে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সমাধানের পথে এগোতে হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘করাইল সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দুইজন পোশাকশ্রমিক এবং একজন পরিবহণ শ্রমিকের কাছ থেকে তিনি তাদের হৃদয়বিদারক বাস্তব জীবনের সমস্যার কথা শুনেছেন। এসব গল্প সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি, যা আমাদের সমাজের গভীর সংকটগুলো স্পষ্ট করে তোলে।’

সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ‘আপনারা মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং সাহসের সঙ্গে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আপনাদের কথা আরও মনোযোগ দিয়ে শুনব, জানব ও সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘সমতা, জ্ঞান ও শ্রমের মর্যাদাভিত্তিক একটি রাষ্ট্র গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ- এই আদর্শকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর