ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ইসমাইল জবি উল্লাহ, ডা. ফরহাদ হালিম ডোনারসহ আমন্ত্রিত গুণীজনেরা বক্তব্য দিচ্ছেন। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন।
আলোচনা সভা পরিচালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি এবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটি বিভিন্ন কর্মসূচি পালন করছে।