Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের আরও ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১০:৫৫ | আপডেট: ১১ জুলাই ২০২৬ ১২:১৪

ফাইল ছবি।

ঢাকা: দেশের বেশ কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে আরও পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শনিবার (১১ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এই নদীগুলোর পানি আগামী কয়েক দিনে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যার ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতল গত চব্বিশ ঘণ্টায় কিছুটা হ্রাস পেয়েছে। তবে একই সময়ে কুমিল্লা অঞ্চলের গোমতী নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ার তথ্য পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আগামী দুই দিনের মধ্যে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ অন্যান্য নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে। এর ফলে ওই সব নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহের চলমান বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে। অন্যদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীগুলোর পানি সমতল কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এর পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের আবহাওয়া ও নদী পরিস্থিতি নিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের ধলাই ও খোয়াই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, তবে মনু নদীর পানি সমতল মৌলভীবাজার পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল ধীরগতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পানি হ্রাসের ফলে সংশ্লিষ্ট নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহের বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হতে পারে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন সার্বিক বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর