Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে তিন যমজ ভাই-বোন পেল ট্যালেন্টপুলে বৃত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৪:৪৫ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৬:৪৭

ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া যমজ তিন ভাই-বোন।

টাঙ্গাইল: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে টাঙ্গাইলের সখীপুরের তিন যমজ ভাই-বোন। এক সঙ্গে দুই ভাই ও এক বোনের এমন সাফল্যে আনন্দে ভাসছেন তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।

যমজ তিন ভাই-বোন হলো ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) ও আরাফাত আল মামুন (১২)। তারা সখীপুর পৌরসভার উত্তরা মোড় এলাকার বাসিন্দা মো. শামীম ও আর্জিনা আক্তার দম্পতির সন্তান।

তাদের মা আর্জিনা আক্তার সখিপুর উপজেলার ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। প্রকাশিত ফলাফলে তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

তিন শিক্ষার্থীর মা আর্জিনা আক্তার বলেন, ‘এই অর্জনের পেছনে স্কুলের শিক্ষকদের অবদান অনেক। আমার স্বামী বিদেশে অবস্থান করেও নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেন ও উৎসাহ দেন। আমার ছেলে-মেয়েরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে। সবার কাছে সেই দোয়া চাই।’

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, ‘যমজ তিন ভাই-বোনই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের কঠোর পরিশ্রম রয়েছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর