Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৬:১২

নিহত মনিরুজ্জামান মনির

টাঙ্গাইল: জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাগমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মনিরুজ্জামান মনির দিনাজপুরের বিরল উপজেলার মির্জাপুর গ্রামের শওকত আলীর ছেলে। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী দুই সহপাঠী জানান, তৃতীয় তলার বারান্দায় তারা তিন বন্ধু একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। বারান্দাতে কোনো গ্রিল বা নিরাপত্তা রেলিং ছিল না। কথোপকথনের একপর্যায়ে মনিরের হাত অসাবধানতাবশত বারান্দায় থাকা একটি খোলা বৈদ্যুতিক তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় কিছু বুঝে ওঠার আগেই তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। একপর্যায়ে মনির নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দা থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ২২ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মনিরের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর স্মরণে আগামীকাল শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ে একদিনের শোক পালন করা হতে পারে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই অপূরণীয় ক্ষতি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

সন্তোষ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য রাহেদুল ইসলাম জানান, এ ঘটনার খবর পাওয়ার পর আমরা হাসপাতালে এসে মরদেহ পর্যবেক্ষণ করেছি। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের জবানবন্দি নেওয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর