Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ১১:৩০

উদ্ধার করা মরদেহ।

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় প্রতিমা রাণী (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী প্রদীপ চৌধুরীকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় ওই গৃহবধূর নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময়ে ওই গৃহবধূ দাম্পত্য কলহের জেরে তার স্বামীর হাতে খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধারের পর পার্শ্ববর্তী এলাকার একটি শ্মশানঘাট থেকে প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করা হয়।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীর কপালে আঘাত করে প্রদীপ। সেই আঘাতে অচেতন অবস্থায় বিছানায় পড়ে যায় গৃহবধূ প্রতিমা রাণী। এ অবস্থাতেই স্ত্রীকে নিয়ে রাত্রিযাপনের পর সকালে প্রদীপ দেখেন প্রতিমা রাণী মারা গেছেন। তাৎক্ষণিক সে বাড়ি থেকে শ্মশানঘাটে চলে যায়। এর কিছুক্ষণ পর প্রতিমার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেন।

বিজ্ঞাপন

পত্নীতলা থানা পুলিশের অফিসার ইন চার্য (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধারের পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রদীপ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর