Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইক্ষ্যংছড়িতে অপহরণ, মুক্তিপণে মিলল মুক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৭

অপহরণের শিকার হওয়া মোর্শেদ আলম।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কেঙ্গারবিল এলাকা থেকে অপহরণ হওয়া মো. মোর্শেদ আলম (২০) মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) ভোররাত আনুমানিক ৪টার দিকে ৩০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে চকরিয়া উপজেলার মালুমঘাটা এলাকার একটি দুর্গম পাহাড়ি স্থান থেকে তাকে ছেড়ে দেয় সশস্ত্র দুর্বৃত্তরা। মোর্শেদ আলম উত্তর বাইশারী গ্রামের মৃত নুরুল হাকিমের ছেলে।

তার পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (৫ এপ্রিল) কেঙ্গারবিল এলাকা থেকে অস্ত্রের মুখে মোর্শেদকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে পরিবারের কাছে মোবাইলফোনে মুক্তিপণ দাবি করা হয়। নিরুপায় পরিবারটি আত্মীয়স্বজন ও স্থানীয়দের কাছ থেকে ধার-দেনা করে ৩০ হাজার টাকা সংগ্রহ করে অপহরণকারীদের হাতে তুলে দিলেই তবে মুক্তি মেলে তার।

বিজ্ঞাপন

মুক্তি পাওয়া মোর্শেদ জানান, ‘আমাকে চোখ বেঁধে পাহাড়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। সারারাত বেঁধে রেখে মারধর করেছে। পরিবারের কাছ থেকে টাকা পাওয়ার পর ভোরে আমাকে ছেড়ে দেয়।’

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। এলাকায় নিরাপত্তা জোরদারে টহল বাড়ানো হয়েছে।’

এদিকে স্থানীয়দের দাবি, অবিলম্বে অপহরণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং ঈদগড়-বাইশারী সড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্যথায় সীমান্তবর্তী এই অঞ্চলে সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর