Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৫:০৬

এলাকার চাঞ্চল্যকর মুহূর্ত।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর শহরে স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, স্ত্রীর বিয়েবহির্ভূত প্রেমের সম্পর্কের জেরে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মিরপুর বিড়ালা কুঠি এলাকায় আমজাদ মাস্টারের বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সবুজ (৩০) সদর উপজেলার বহুলী ইউনিয়নের দাওভাঙ্গা গ্রামের শামসুল উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বড় বোন মোছা. শিখা খাতুন অভিযোগ করে বলেন, ‘আলমগীরের স্ত্রী মিতু খাতুন কলেজে লেখাপড়ার সময় এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি আমার ভাই জেনে যাওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। পরে পরিকল্পিতভাবে আমার ভাইকে চেতনানাশক ওষুধ খাইয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কালিনজা কয়াবিল গ্রামের কুদ্দুস শেখের মেয়ে মিতু খাতুনের সঙ্গে আলমগীর হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে ১০ বছর বয়সি একটি ছেলে রয়েছে। মিতু বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, নিহতের পরিবারের সদস্যরা দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর