Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে বিষাক্ত মদের আড্ডা: প্রাণহানি বেড়ে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৬ ০৮:৩৭ | আপডেট: ৪ জুন ২০২৬ ০৮:৪১

প্রতীকী ছবি। সংগৃহীত

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানে আরও একজনের মৃত্যু হয়েছে। দুলা মিয়ার নামের এই ব্যক্তির মৃত্যুর মধ্য দিয়ে জেলায় এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। মদের এই ভয়াবহ থাবায় এলাকায় শোকের ছায়া ও প্রশাসনে নড়চড় দেখা দিয়েছে।

উপজেলার বালারহাট বাজারে গত রোববার (৩১ মে) রাতে কয়েকজন ব্যক্তি বিষাক্ত দেশি মদ পান করেন। তাদের মধ্যে উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের দুলা মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায়  বুধবার (৩ জুন) দুপুরে মারা যান। এর আগে গত ৪৮ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়।

মৃত দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। বালারহাট ইউনিয়ন পরিষদের সদস্য মাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত রোববার রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় বাকিদের মৃত্যু হয়। গত সোমবার হাসপাতালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫)। মঙ্গলবার (২ জুন) সকালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী (৪০)। আর সর্বশেষ বুধবার দুপুরে মারা যান দুলা মিয়া।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ শিকদার জানান, ঘটনায় তদন্ত চলমান এবং আইনি প্রক্রিয়া মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে। জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফর জানান, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। ভবিষ্যতে যেন কেউ এমন ঘটনার শিকার না হয় সেজন্য ইতোমধ্যেই এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

বিষাক্ত মদের এমন ভয়াবহ প্রভাবে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা মর্মাহত হয়ে পড়েছেন। একইসঙ্গে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অবৈধ মদ বিক্রেতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের মে-জুন মাসে রংপুর বিভাগে মাদক ও বিষাক্ত অ্যালকোহল পানের ঘটনায় এটি তৃতীয় বড় মর্মান্তিক ঘটনা। এর আগে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর রংপুর নগরীর তাজহাট বিহারিপাড়ায় বিষাক্ত মদ পান করে একদিনে সাতজনের মৃত্যু হয়েছিল। সেসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করে পুলিশ।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর