চট্টগ্রাম: জেলার চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান (৬) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া হাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শিশু আদিবা একই এলাকার আজিজুর রহমানের বড় মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, আদিবা সাতবাড়িয়া বার আউলিয়া মাদরাসার প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। দুপুরে মা গোসল করতে ডাকলে আদিবা পরে গোসল করবে বলে খেলতে বের হয়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরঘাটে গিয়ে পানিতে পড়ে যায় সে। পরে স্থানীয় এক নারী তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে উদ্ধার করেন।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক তানজিনা সুলতানা বলেন, ‘হাসপাতালে আসার পূর্বে ওই শিশুর মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’