Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল ফাঁকির শাস্তি: ৪ শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২১:৫৭ | আপডেট: ২৫ জুন ২০২৬ ২৩:৫২

শাস্তি পাওয়া ওই চার শিক্ষার্থী।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় স্কুল ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ একটি পুকুরে গোসল করতে গিয়ে উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়েছে চার স্কুলশিক্ষার্থী। পরে শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন অনুমোদনের কপি ব্যবহার করে বিদ্যালয় ত্যাগের বিষয়টি সামনে এলে তাদের প্রত্যেককে ২০০টি করে মোট ৮০০টি গাছের চারা রোপণের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক এ নির্দেশ দেন। আগামী সাতদিনের মধ্যে গাছগুলো রোপণ করতে হবে।

মো. রিফাতুল হক বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিআরডিবি অফিস থেকে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান শেষে অফিসে ফেরার সময় দেখতে পাই, উপজেলা পরিষদের ভেতর পূর্ব পাশের পুকুর ঘাটে স্কুল ইউনিফর্ম পরিহিত চারজন ছাত্র দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে, তারা পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং টিফিন টাইমে ছুটি নিয়ে পুকুরে সাঁতার কাটতে এসেছে। তবে স্কুলে ফোন দিয়ে জানা যায়, এরকম কাউকে ছুটি দেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

পরে বিকেলে ওই চার শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়। সেখানে তারা স্বীকার করে যে, শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির আবেদন অনুমোদনের কপি ব্যবহার করে তারা বিদ্যালয় থেকে বের হয়েছিল।

ইউএনও বলেন, ‘তাদেরকে আগামী সাতদিনের মধ্যে ২০০টি করে গাছের চারা রোপণ করার শর্তে ছেড়ে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘উপজেলা পরিষদের ওই পুকুরটিতে এর পূর্বেও সাতার কাটতে যেয়ে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে। যারা স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সকল তথ্য উপজেলা প্রশাসনের কাছে রয়েছে। ভবিষ্যতে এরকম অপরাধে ধরা পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে।’

শিক্ষার্থীদের অভিভাবকেরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে উপজেলা প্রশাসনকে আশ্বস্ত করেছেন।