রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিনোদপুর ৩নং ওয়ার্ড সদর খাদ্য গুদামের সামনের ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে, কারা নবজাতকের মরদেহ ফেলে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একজন টোকাই ময়লার ভাগাড়ে আসেন বিভিন্ন কিছু কুড়ানোর জন্য সেসময় সে একটা প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। সেটার ভেতর এই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেই।
টোকাই হাবিবুর রহমান বলেন, ‘আমি প্রতিদিনের মতো আজও সকালে এখানে আসি বিভিন্ন কিছু টোকাতে। এসে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পাই। ব্যাগটির ভেতরের সবকিছু ঢালতেই দেখি কাপড় দিয়ে প্যাঁচানো একটি বাচ্চার লাশ। তারপর প্রথমে আমি ভয় পাই। এরপর স্থানীয় লোকদের কাছে বলি। তারা এসে সেটি দেখে পুলিশকে খবর দেয়।’
স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, ‘আসলে বলার ভাষা নেই। অনেকে চেয়ে সন্তান পাচ্ছে না। আর এরা একটি ফুটফুটে সন্তান মেরে রেখে গেছে। এনা জানোয়ারের থেকেও খারাপ।’
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘সকাল সাড়ে ৯টায় খবর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানিয়েছি। আশেপাশের সিসিটিভিগুলো চেক করা হচ্ছে। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।’