টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দফতরের ভবন উদ্বোধনের পর প্রান্তিক খামারি, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ১০টি মহিষ ও ১০০টি ছাগল বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এসব তিনি কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, এসব সহায়তা পাওয়া উপকার ভোগীরা নিজেদের সামর্থ্যে এসব পশু কেনা সম্ভব ছিল না। সরকারি এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরো সহজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান প্রমুখ।