নাটোর: নাটোর শহরের আলাইপুর এলাকায় অবস্থিত মা ও শিশু সদনে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১২ জুলাই) এ ঘটনা ঘটে। এ সময় একজন এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
স্বজনদের অভিযোগ, রোববার সকাল ৭টার দিকে গর্ভবতী রুমি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তার সন্তান জন্ম নিলেও কিছুক্ষণ পর সেই নবজাতকের মৃত্যু হয়। প্রসবের সময় এবং পরবর্তী মুহূর্তে নবজাতকটিকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। জন্মের পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলেও কর্তব্যরত চিকিৎসক বা নার্সরা দ্রুত কোনো পদক্ষেপ নেননি। যথাসময়ে প্রয়োজনীয় সেবা না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত নবজাতকটি নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক বাবু হোসেন ও রুমি বেগম দম্পতির প্রথম সন্তান। ডেলিভারির সময় হাসপাতালের কর্মী ইতি রানী মণ্ডল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত স্বজনেরা কেন্দ্রের কয়েকটি জানালার কাঁচ ভাঙচুর করেন এবং কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা করেন।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের ভাষ্য, ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।