Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৪:৪১ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৭:০৯

হত্যার শিকার হওয়া যুবদল নেতা।

যশোর: যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাঘারপাড়ার খাজুরা তেলপাম্প সংলগ্ন ওজন স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন স্থানীয় বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত রাব্বি নিহত রুবেল হোসেনের ছোটো বোনের দেবর।

নিহতের ভাই রাজিব হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১১টা ৫০ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিসমত আরা বলেন, ‘রুবেল হোসেনকে জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও নেপথ্যের ঘটনা উদঘাটনে তদন্ত চালাচ্ছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর