রাজশাহী: মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে শ্রমিকরা।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ডিসির তত্ত্বাবধানে সংগঠনটির কমিটি সংকটের সমাধান না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেকে রাজশাহীর নওদা পাড়া, শিরোইল বাস টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যায়নি।
এতে ঢাকাসহ দেশের বিভিন্ন পথের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সংশ্লিষ্টদের সূত্র মতে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন গত ১২ মে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেওয়ায় শ্রমিকদের একাংশ আন্দোলন শুরু করেন এবং সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন।
এসময়ে সংঘর্ষ এবং ধাওয়া পালটা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে জেলা প্রশাসক সংগঠনটির দায়িত্ব নেন। কমিটি গঠনের জন্য জেলা প্রশাসক অফিসে সোমবার দিনভর নানা নাটকীয়তা শেষে সমাধান মেলেনি। সম্ভব হয়নি নির্বাচনের সময়সূচি ঘোষণা করার। ফলে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন।
এ বিষয়ে শ্রমিক নেতা লিটন বলেন, ‘পাখি গ্রুপের একটি চক্রের হাতে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি তুলে দেওয়া হচ্ছিল। আমরা বাধা দিলে মালিক পক্ষের ওই চক্রের ব্যক্তিকে বাদ দেওয়া হয় কিন্তু কোনো আয় ব্যয়ের হিসাব দিতে রাজি নন তারা। আমরা ওয়াকআউট করেছি। অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন না দেওয়া পর্যন্ত কর্ম বিরতি চলবে।’
কাজী শহিদুল ইসলাম বলেন, ‘মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। আমরা এ সমস্যার সমাধানে তাদেরকে ডেকেছিলাম। কিন্তু তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তা সম্ভব হয়নি।’