সিরাজগঞ্জ: জেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় বহুলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান। এর আগে, বুধবার (১৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন— সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইচা গ্রামের মৃত আজমল হোসেনের ছেলে মো. ইব্রাহীম শেখ এবং একই ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. বিবেক ইসলাম। ইব্রাহীম শেখ বহুলী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে জিআর-৪৫৭/২৫ নম্বর মামলায় বিস্ফোরক দ্রব্য আইন, ২০০৮-এর অধীনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রহিম মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সেই অভিযানের অংশ হিসেবেই বিস্ফোরক মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’