Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৫:৫৬ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৬:০০

সাজাপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান জাফর আহমদ।

চট্টগ্রাম: অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন।

দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, ‘অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর শ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

মামলার নথি থেকে জানা যায়, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় মামলার বিচার করা হয়। এর আগে, গত ৫ মে ২০২৬ বিভাগীয় বিশেষ জজ আদালতে জাফর আহমদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর