চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে সদর মডেল থানার লক্ষীপুর বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোসা. হাসিনা বেগম (৫০), তার নাতনি মোসা. মীম (১৩) এবং তার ভাতিজি মোসা. আশা (২৮)।
নিহতের পরিবার ও স্বজনরা জানায়, সকালে হাসিনা বেগম লোহার মইয়ে ছাগলের জন্য পাতা বাঁধতে যান। তবে বৃষ্টির কারণে মইটি আগে থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। মইয়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে আশা খাতুন ও মিম এগিয়ে গেলে তারাও গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।