সিরাজগঞ্জ: জেলায় চলন্ত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় সাব্বির হোসেন (২২) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে।
আহত সাব্বির হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।
পুলিশ ও রেলওয়ে সূত্র জানায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। একটি পাথর জানালার কাচ ভেঙে ভেতরে ঢুকে সাব্বিরের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছালে তাকে নামিয়ে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার খোকন মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যাত্রীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে রেলওয়ে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।’