Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৪:৪১

মোহাম্মদ সাইফুল মালিক।

কুমিল্লা: কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় শিক্ষা ছুটিতে রয়েছেন।

পারিবারিক সূত্র ও কুমিল্লা জেলা পুলিশ জানায়, কয়েকদিন আগে মোহাম্মদ সাইফুল মালিক স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতাল হয়ে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) রাতে তার অস্ত্রোপচার করা হলেও অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

মোহাম্মদ সাইফুল মালিক চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্মগ্রহণ করা এই পুলিশ কর্মকর্তা ২০০৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৩৪তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে মোহাম্মদ সাইফুল মালিক সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জনসেবায় তার আন্তরিকতা এবং ন্যায়নিষ্ঠ আচরণ তাকে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আজ একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারিয়েছে। তার এই মৃত্যু বাহিনীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

মৃত্যুকালে মোহাম্মদ সাইফুল মালিক তার স্ত্রী, দুই সন্তান, আত্মীয়স্বজন, সহকর্মী এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা পুলিশসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুন্সী ও কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এবং সারাবাংলা’র কুমিল্লা প্রতিনিধি মোঃ রাসেল।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর