বেনাপোল: যশোরের শার্শায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাইম হোসাইন (১৪) নামে এক কিশোর আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের ফুলসারা গ্রামে এ ঘটনাটি ঘটে। আটক নাইম হোসাইন পার্শ্ববর্তী শিকারপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলসারা গ্রামের নিজ বাড়ির কাছে দোকানে শিশুকন্যাকে রেখে বাবা নাস্তা খেতে বাড়ির ভেতরে যান। এ সুযোগে নাইম দোকানে ঢুকে একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় নাইম পালিয়ে যায়। পরবর্তীতে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে স্থানীয়রা তাকে শনাক্ত করেন। পরে তাকে নিজ বাড়ি থেকে ধরে বিকেলে শার্শা থানায় সোপর্দ করে।
ঘটনার বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয়। ভয়ে কিছুটা অসুস্থবোধ করায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হবে।