হিলি: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক অভিযানে মাদক মামলায় তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে হাকিমপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে মাদক-সংক্রান্ত অপরাধে স্টেশন ডাঙ্গাপাড়ার মো. রওশন (৩৩), পাউশগাড়ার মো. আক্তারুল ইসলাম এবং দক্ষিণ বাসুদেবপুরের মো. আঙ্গুর বিশ্বাসকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে রওশন ও আক্তারুল ইসলামকে তিন মাস করে এবং আঙ্গুর বিশ্বাসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, একটি নিয়মিত মামলায় চণ্ডিপুর গ্রামের মো. আব্দুল মাবুদ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে সাতকুড়ি গ্রামের মো. সেকেন্দার আলী (৬২), ধরন্দা গ্রামের মো. উজ্জ্বল (২৮), মাধবপাড়া গ্রামের মো. শাহিন আলম (২৬) এবং ধরন্দা গ্রামের মোছা. রাবেয়া আক্তার রিংকিকে (২৭) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের যথাযথ পুলিশি প্রহরায় প্রিজন ভ্যানে করে দিনাজপুরের বিজ্ঞ আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের দিনাজপুর জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’