Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উলটো পথে বেপরোয়া চলাচল, মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৭

উলটো পথে বেপরোয়াভাবে চলাচলের অভিযোগে মন্ত্রীর গাড়িকে মামলা

ঢাকা: রাজধানীর সার্কিট হাউজ রোডে উলটো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ট্রাফিক পুলিশ। এ ঘটনায় গাড়িটির চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।

ট্রাফিক বিভাগের ওই কর্মকর্তা বলেন, ‘একজন মন্ত্রীর পতাকাবাহী গাড়ি সার্কিট হাউজ সড়কের উলটো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।’

তিনি বলেন, ‘চালককে জানানো হয়, এভাবে উল্টো পথে গাড়ি চালানো ট্রাফিক আইনের লঙ্ঘন। পরে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা করা হয় এবং প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।’

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগেও মামলা দায়ের করা হয়েছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উলটো পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর। ঘটনার সময় মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত গাড়িতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা ঘটল। তাদের ভাষায়, ঘটনাটি নজিরবিহীন। অতীতেও যানজট এড়ানো কিংবা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রীদের গাড়ি উলটো পথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার ঘটনা এবারই প্রথম বলে দাবি করেছেন তারা।

এদিকে মন্ত্রীর গাড়ি উলটো পথে চলার খবর ছড়িয়ে পড়ার পর সচিবালয়ে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাতায়াত করছেন। যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। সেখানে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উলটো পথে চলার ঘটনায় মামলা হওয়া দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।’

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর