Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে মাকে নির্যাতনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৪:৫৯

গ্রেফতার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৃদ্ধ মাকে নির্যাতন, বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) সকালে উপজেলার হারিস চৌধুরীর বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক জাবেদ চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।

পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে জাবেদের মা সালেহা খাতুন (৬৮) দাবি করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের টাকা না পেলে তিনি প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এ ছাড়া বাড়িতে ভাঙচুরও চালান।

বিজ্ঞাপন

অভিযোগে আর জানা যায়, গত ২২ জুলাই রাত ৮টার দিকে জাবেদ মাদকের টাকা দাবি করে মায়ের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে মারধর করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে সালেহা খাতুন আরও বলেন, জাবেদ নিয়মিত মাদক সেবন করেন এবং মাদকের অর্থ জোগাড়ের জন্য পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেন। এতে তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পিচ্চি মাসুদ, সুমন ও দেলোয়ার নামে কয়েকজন সহযোগীকে নিয়ে জাবেদ তাদের বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং বাধা দিলে তাকে ও তার স্বামীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ মে রাতে সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়, যাতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল হাসান বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আবদুল্লাহ আল মামুন জাবেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’