নওগাঁ: জেলার পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন— উপজেলার কাতকইল (বিলপাড়া) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন ও একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
আব্দুল আজিজের প্রতিবেশী বড় ভাই তোফায়েল আহমেদ জানান, সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি শুকিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এরপর পানি শুকিয়ে সকাল ১০টার দিকে মাছ ধরে বাসায় নিয়ে আসেন। দুপুর ১টার দিকে আবারও তারা বিলে মাছ ধরার জন্য যান। সেখানে তারা আগেই বৈদ্যুতিক মোটর চালু করে রেখে এসেছিলেন। এর মধ্যে কোনো এক সময় বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এ অবস্থায় পানিতে নামতেই প্রথমে মাহবুবুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’