পাবনা: জেলার আটঘরিয়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে গীতা রানী (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে একদন্ত এলাকায় নিহতের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গীতা রানী উপজেলার বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে গীতা রানীর বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তিনি বিষয়টি টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ফেলে রাখে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে ওই সেপটিক ট্যাংকে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা, কেন এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’