Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণশ্রমিক নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৯:৫৩

নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার কার্যক্রম।

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন নামের আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদরাসায় সেপটিক ট্যাংক নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানা পুলিশ এ ঘটনার বিষয়ে নিশ্চিত করেছে।

নিহত আতিয়ার রহমান যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদরাসার সেপটিক ট্যাংকের দেয়াল নির্মাণকাজ চলার সময় হঠাৎ সেটি ধসে পড়ে। এ সময় সেখানে কাজ করা আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয়। আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তবে প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে উৎসুক জনগণের ভিড়ের কারণে উদ্ধার অভিযানে কিছুটা বিঘ্ন ঘটে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং কাদামাটির চাপে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। তবে দেয়াল ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর