Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৭:০৫

বাগেরহাটে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত

বাগেরহাট: জেলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নয়ন নামের আরও এক শ্রমিক।

শনিবার (১ আগস্ট) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার গুলিশাখালী বাজারসংলগ্ন গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেপটিক ট্যাংক নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান যশোরের আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদ্রাসার সেপটিক ট্যাংকের দেয়াল নির্মাণকাজের একপর্যায়ে হঠাৎ তা ধসে পড়ে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক আতিয়ার রহমান ও নয়ন দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বিজ্ঞাপন

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তবে প্রচণ্ড বৃষ্টি ও ঘটনাস্থলে উৎসুক জনগণের ভিড়ের কারণে উদ্ধার অভিযানে কিছুটা বিঘ্ন ঘটে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করার কারণে এবং কাদামাটির চাপে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। তবে দেয়াল ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর