যশোর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে ‘ফ্যাসিবাদের পথ’ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ এবং সংবিধান সংশোধন নিয়ে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র সংস্কারের নামে শুধু সংবিধান সংশোধন যথেষ্ট নয়; রাষ্ট্রের মৌলিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। গণভোটে জনগণের যে প্রত্যাশা প্রকাশ পেয়েছে, তা বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলনের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমানে বিভিন্ন স্তরে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। তার দাবি, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রকল্পে দলীয় প্রভাব ও ভাগবাটোয়ারার অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য কোথায়? শুধু দলের নাম পরিবর্তন হলেই হবে না, চরিত্রের পরিবর্তনও প্রয়োজন। আপনারা ফ্যাসিবাদের যে পথে পা বাড়িয়েছেন, সেখান থেকে ফিরে আসুন।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার সংস্কারের পরিবর্তে কেবল সংবিধান সংশোধনের দিকে গুরুত্ব দিচ্ছে। তার ভাষায়, “সংশোধন আর সংস্কার এক বিষয় নয়। জনগণের মতামত উপেক্ষা করে শুধু সংশোধনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, সরকার চাইলে সংসদে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সংবিধান সংশোধন ও রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় কমিটি গঠন করতে পারে। বিরোধী দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, যশোর-১ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবীর এবং এনসিপি যশোরের সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।