Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে অবৈধ লাইন ব্যবহার, বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩১ জুলাই ২০২৬ ২৩:৩৯ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ২৩:৪০

হারাধন দাসের মরদেহ।

ফরিদপুর: সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে একটি অবৈধ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারাধন দাস (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রনকাইল গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী ইব্রাহিম হোসেন জিয়া পুরাতন রনকাইল বাজারে ‘জিয়া স্টোর’ নামে একটি দোকান পরিচালনা করেন। বাণিজ্যিক বিদ্যুতের বিল এড়াতে তিনি পল্লী বিদ্যুতের বাণিজ্যিক সংযোগ না নিয়ে নিজ বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ লাইন টেনে দোকানে ব্যবহার করছিলেন। ওই লাইনের তারে বিদ্যুৎ লিকেজ থেকে হারাধন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর প্রভাবশালী এক ব্যক্তির স্বজন বিষয়টি প্রশাসনকে না জানিয়ে আপস-মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় কয়েকজন পুলিশকে খবর দিলে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে পল্লী বিদ্যুতের কিছু মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এস. এম. নাসির উদ্দীন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর অবৈধ বিদ্যুৎ সংযোগে জড়িত থাকার সুযোগ নেই। কারও বাড়ি থেকে আলাদা লাইন টেনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্তে একাধিক সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না দেওয়ায় মামলা নেওয়া সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর