Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৪:৫৯

মরদেহ। প্রতীকী ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে সীমান্ত নদী ইছামতীর খারহাট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ সময়ের অনুসন্ধান ও অপেক্ষার পর স্বজনেরা তাকে ফিরে পেলেও তা ছিল নিথর দেহ।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান পিয়ার আলী গাজী। এরপর নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এ অনুসন্ধানে যোগ দেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, বিশেষ ডুবুরি দল ও স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চালায়। তবে দিনভর তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। তিনি বিষয়টি পিয়ার আলী গাজীর ছেলে আব্দুস সবুরকে ফোনে জানান। পরে আব্দুস সবুর সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এরপর স্বজনেরা সেটি পিয়ার আলী গাজীর মরদেহ হিসেবে শনাক্ত করেন।

এ ঘটনায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর