Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্যালকুলেটর চুরির অভিযোগে শিশুকে মারধর মাদরাসা শিক্ষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৫:১০

আহত শিশু।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ক্যালকুলেটর চুরির অভিযোগ তুলে আহম্মদ শেখ (৭) নামের এক মাদরাসা শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক এনামুল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে কদমপুর হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসার একটি ক্যালকুলেটর হারিয়ে যাওয়ার পর আহম্মদ শেখের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর শিক্ষক এনামুল মোল্লা তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটি আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিজ্ঞাপন

আহত আহম্মদ শেখ বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন শেখের ছেলে এবং কদমপুর হাফেজিয়া মাদরাসার কায়দা বিভাগের শিক্ষার্থী। আর অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর গ্রামের মোক্তার মোল্লার ছেলে।

আহম্মদের বাবা শাওন শেখ বলেন, ‘আমার ছেলে প্রায় এক বছর ধরে ওই মাদরাসায় পড়াশোনা করছে। এর আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। মিথ্যা অভিযোগে তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসা পরিচালকের ভাই আমিনুল হক। তিনি বলেন, ‘আহম্মদকে মারধর করা হয়নি। সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে।’

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর