ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সি এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে তাহসিনুল কোরআন মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মুসলিমনগর থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকার তাহসিনুল কোরআন মাদরাসার একজন শিক্ষককে ১৭ বছরের এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে এলাকার লোকজন মারধর করে আটকে রেখেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়।’
আনোয়ার সাত্তার বলেন, ‘ঘটনাসূত্রে জানা যায়, হাফেজি পাশ করা মাদরাসা ছাত্র (১৭) ভালোভাবে কোরআন মুখস্ত করার জন্য এক বছর আগে ওই মাদরাসায় ভর্তি হয়। গত এক বছর যাবত অভিযুক্ত মাদরাসা শিক্ষক রফিকুল ইসলাম ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগী ছাত্রকে বলাৎকার করে আসছিল। সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগীকে বলাৎকার করলে সে অসুস্থ হয়ে পড়ে। তখন ছাত্রের মা সংবাদ পেয়ে তাকে চিকিৎসার জন্য বাসায় আনার পর এসব বিষয়ে জানতে পারেন এবং এলাকার লোকজন নিয়ে মাদরাসা ঘেরাও করলে অভিযুক্ত বলাৎকারের অভিযোগ স্বীকার করেন।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের সহায়তায় অভিযুক্ত মো. রফিকুল ইসলামকে (২৮) মুসলিমনগর তাহসিনুল কোরআন মাদরাসা থেকে গ্রেফতার করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।’