Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ১৭:২২ | আপডেট: ১ আগস্ট ২০২৬ ১৯:৫৪

এ রেললাইনের পাশ থেকেই মরদেহটি উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেলব্রিজের অদূরে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মহাডাঙ্গা রেলব্রিজের প্রায় ২০০ ফুট আগে রেললাইনের পাশের একটি পুকুরের ধারে মরদেহটি পড়ে ছিল। দীর্ঘদিন সেখানে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে।

খবর পেয়ে রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৭-৮ দিন আগের। এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। রাজশাহী সিআইডির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এসব আলামত পরীক্ষার পর বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে অথবা রেলের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।