কুষ্টিয়া: জেলার কুমারখালীতে একটি বন্ধ দোকান ঘর থেকে হাবিবুল্লাহ (৩৮) নামে এক আদম ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার পান্টি বাজারে হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার নামের ওই দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত হাবিবুল্লাহ পান্টি গ্রামের হামিদ মুসল্লির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন। তবে নিখোঁজ হওয়ার পরও তার ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। এদিকে তার স্ত্রী ও একমাত্র সন্তান কয়েকদিন ধরে ঝিনাইদহে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। শনিবার সকালে দোকান থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতরে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন সিঙ্গাপুরে অবস্থান করার পর দেশে ফিরে স্টিল ফার্নিচারের ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি বিদেশে জনবল পাঠানোর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। এ সংক্রান্ত কয়েকটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন রয়েছে বলেও জানান স্থানীয়রা।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।