Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফ উপকূলে ভেসে আসা যুবকের মরদেহের পরিচয় শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১ আগস্ট ২০২৬ ২৩:১১

রোহিঙ্গা যুবক মোহাম্মদ কবিরের মরদেহ।

কক্সবাজার: টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করার পর নিশ্চিত হওয়া গেছে, এটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ কবিরের।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়ার হাজীপাড়া বেড়িবাঁধসংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয়রা বিষয়টি শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যদের জানালে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি উদ্ধার করেন।

নিহত মোহাম্মদ কবির উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর এইচ-৮ ব্লকের বাসিন্দা। তিনি রহমত উল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-মাঝি মনির আহমদ জানান, শুক্রবার (৩১ জুলাই) ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা উত্তাল সাগরে ডুবে যায়। ওই ঘটনায় মোহাম্মদ কবির নিখোঁজ হন। শনিবার বিকেলে উপকূল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার ছোট ভাই ফয়সাল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব বলেন, ‘বেড়িবাঁধের কংক্রিট ব্লকের মধ্যে আটকে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।’

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘উপকূল থেকে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার (৩১ জুলাই) ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও কয়েকজন নিখোঁজ হন। তাদের মধ্যে কবিরও একজন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর