নীলফামারী: নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান।
এর আগে, গতকাল শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তাকে তার নিজ বাড়ি ছিট ইটাখোলা শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কৃষক সিদ্দিক আলি ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বাড়ির অদূরে রামগঞ্জহাট বাজার করতে যান। ওই সময় আওয়ামী লীগের লোকজন এলাকার বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালায় এবং এলাকার মানুষজনের ওপর এলোপাতাড়ি মারধর করে। সেসময় কৃষক সিদ্দিক আলী মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সাবেক আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়ি কৃষক সিদ্দিক আলিকে চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে।
মামলায় বলা হয় ওই সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় নিহত কৃষক সিদ্দিক আলির পরিবার হত্যা মামলা দায়ের করতে পারেনি। ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের পর সুযোগ সৃষ্টি হওয়ায় নিহতের ছেলে মামলা করেন। সেই মামলায় তরিকুল ইসলাম আসামি।
এ বিষয়ে ওসি জিল্লুর রহমান বলেন, তরিকুল সিদ্দিক হত্যা মামলার আসামি তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।