নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে ওই পৌরসভার গণিপুর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন গনিপুর এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় ডোবার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে। পরে তারা বেগমগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত জানা যাবে কী কারণে তিনি মারা গেছেন।