নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে হৃদয় ইসলাম (২১) নামের এক যুবককে গলা কাটা ও হাতের কব্জিতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার নিরাপত্তা প্রাচীর-সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। হৃদয় ইসলাম শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হৃদয় ইসলামকে উদ্ধার করে। এ সময় তার গলা কাটা ও হাতের কব্জিতে গুরুতর জখমের চিহ্ন ছিল। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজীব বলেন, ‘ধারালো কিছু দিয়ে তার গলায় ও হাতের কব্জিতে জখম করা হয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘গলা কাটা ও হাতের কব্জিতে জখম অবস্থায় একজনকে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরা বিষয়টি তদন্ত করছি।’