Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কচুয়ায় একই পরিবারের ৩ জনের গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৭:১৩ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৮:১৩

মরদেহগুলো উদ্ধারের পর মর্গে নেওয়ার প্রস্ততি।

বাগেরহাট: বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে নিহতদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মৃত আকবর হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৫৫), মনিরার মা রাশিদা বেগম (৮৫) এবং মনিরার ছেলে আহাদ হাওলাদার (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২-৩ দিন ধরে ওই বাড়িতে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার দুপুরের দিকে বাড়িটি থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয়।এরপর তারা ঘরের দরজা আংশিক খোলা অবস্থায় পায় এবং ভেতরে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি তারা থানায় জানায়।

বিজ্ঞাপন

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন আর রশিদ বলেন, ‘মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।’

এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনার রহস্য উদ্ঘাটনে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষায়িত ক্রাইম সিন টিমকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর