নোয়াখালী: জেলার কবিরহাট উপজেলায় পুকুরে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের আমিন উল্যাহ টেন্ডল বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত কুলসুম আক্তার লাকী একই বাড়ির তাহেরের মেয়ে। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানায়, স্বামী বেচু ও ৩ সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন কুলসুম। সকালে প্রতিদিনের মতো দুপুরের রান্নার প্রস্তুতি নিতে গিয়ে শাক ধোয়ার জন্য তিনি পুকুরঘাটে যান। এর একপর্যায়ে ঘাট থেকে পানিতে পড়ে ডুবে যান। পরে স্বজনরা পুকুরে তার মরদেহ উদ্ধার করেন। পরিবারের সদস্যদের দাবি, কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’